প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় পৌঁছে।

 

মরদেহ দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওসমান হাদিকে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

 

ঘোষণায় ইনকিলাব মঞ্চ জানায়, “জুলাই আন্দোলনের প্রাণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সাহসী যোদ্ধা শহীদ ওসমান হাদিকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগ পর্যন্ত সড়কের দুই পাশে সবাইকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

 

সংগঠনটি আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের জন্য জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।

 

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ঢাকার বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা