সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ওই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানান।
একই রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির মৃত্যুর খবর প্রকাশ করে। পোস্টে সংগঠনটি জানায়, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী শরিফ ওসমান হাদিকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন।”
উল্লেখ্য, নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় শরিফ ওসমান হাদিকে।