প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ফরমটি মির্জা ফখরুলের নামে নেওয়া হয়েছে এবং পরিবারের একজন প্রতিনিধি তা সংগ্রহ করে নিয়ে গেছেন।

ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবর জানার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উত্তেজনা এবং আলোচনা শুরু হয়েছে।

নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জন্য দীর্ঘদিন ধরে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার রাজনৈতিক প্রভাব অটুট। আমরা আশা করি ভোটাররা তার প্রতি আস্থা দেখাবেন এবং দলের শক্তি আরও বৃদ্ধি পাবে।”

এর আগে, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল। সেই সময় ঠাকুরগাঁও-১ আসনে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা