রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি পরস্পরের খোঁজখবর নেন এবং বিচার বিভাগের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচনার সময় রাষ্ট্রপতি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির ভূমিকা রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা অর্জন করে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিচার বিভাগের সংস্কার ও স্বাধীনতা জোরদারে বর্তমান প্রধান বিচারপতির পদক্ষেপগুলো ভবিষ্যতে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে থাকবে। একই সঙ্গে তিনি প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।