প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

২৭তম বিসিএস থেকে প্রথম ধাপে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭তম বিসিএস পরীক্ষা–২০০৫ এর মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে (২২,০০০–৫৩,০৬০ টাকা) ক্যাডার সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে ২০০৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কর্মস্থল অনুযায়ী পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে। এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে, যা প্রয়োজনে সরকার সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি বাতিল করা যেতে পারে। সব প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকাল বা স্থায়ী হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালীন সব ব্যয় সরকারকে ফেরত দিতে হবে।

জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকেই নিয়োগ কার্যকর ধরা হবে। তবে এ জন্য কোনো আর্থিক বকেয়া সুবিধা প্রাপ্য হবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগের নির্দেশনার পর ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ওই পরীক্ষাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল, যার নিষ্পত্তির ধারাবাহিকতায় এ নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা