প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন ঘিরে অর্থনীতি নিয়ে শঙ্কা নেই: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি বিপর্যস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে গভর্নর এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমানে বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে রয়েছে এবং বিনিময় হার নিয়ে বড় ধরনের কোনো সংকট দেখা যাচ্ছে না। রিজার্ভ পরিস্থিতিও আগের তুলনায় ভালো উল্লেখ করে গভর্নর বলেন, বাজারকে স্থিতিশীল রেখেই ডলার কেনা হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড. মনসুর আরও বলেন, ব্যালেন্স অব পেমেন্ট সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়েই রিজার্ভ শক্তিশালী করতে হবে।

ব্যাংকিং খাত প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে খাতটির চাপ কিছুটা কমলেও এখনো মূলধন ঘাটতির মতো সমস্যা রয়েছে। তিনি বলেন, কয়েকটি ব্যাংকের মালিকানা ও পরিচালনায় অনিয়মের কারণে ক্ষতির সৃষ্টি হয়েছে, যেখানে শুধু মালিক নয়—দায়িত্বশীল কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে এবং প্রয়োজনে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, খুব শিগগিরই পাঁচটি ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হবে। খেলাপি ঋণের হার প্রায় ৩৬ শতাংশ উল্লেখ করে গভর্নর বলেন, এ তথ্য গোপন করা হয়নি এবং ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশাবাদ রয়েছে।

গভর্নর বলেন, দেশের আর্থিক কাঠামো সংস্কারে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অন্তর্বর্তী সরকারের সময়কালেই এসব উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে নিট রিজার্ভের পরিমাণ প্রায় ২৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা