প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির কর্মী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং সিঙ্গাপুরেই অস্ত্রোপচার সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়, যদি তিনি মৃত্যুবরণ করেন, তবে তাকে শহীদের মর্যাদা দিয়ে স্বাধীনতাকামী জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে। পোস্টে হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এদিকে এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা