প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রুমীর সঙ্গে কথোপকথনের স্কিনশর্ট প্রকাশ: সাইবার বুলিং ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের ওই হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত জান্নাতারা রুমী এনসিপির ধানমণ্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় নেতাদের দাবি, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে তিনি সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছিলেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে অভিযোগ এনসিপির। একপর্যায়ে তিনি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন—এমনটাই দাবি দলটির নেতাদের।

এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একাধিক পোস্ট ও কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেন। প্রকাশিত একটি মেসেঞ্জার কথোপকথনে জান্নাতারা রুমী লিখেছিলেন, “আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু”—যেখানে তিনি সাইবার বুলিং ও হুমকির কারণে মানসিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, গত এক মাস ধরে তিনি চরম অনলাইন হয়রানি, প্রাণনাশ ও ধর্ষণের হুমকিতে অতিষ্ঠ ছিলেন। এসব হুমকির পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো সহায়তা পাওয়া যায়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

তারেক রেজা আরও দাবি করেন, বিষয়টির ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত জান্নাতারা রুমী জীবন বেছে নিতে পারেননি। তিনি এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ জানিয়ে একে পরিকল্পিত মানসিক হত্যাকাণ্ড বলে অভিহিত করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে, পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা