প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারসংলগ্ন একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার কক্ষ থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা মো. জাকির হোসেন এবং গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড এলাকার কাছে।

 

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, জান্নাত আরা রুমী দলটির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

 

হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা