সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মধ্যরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাতুরিয়া) এলাকায় যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।
আহত দুইজন হলেন—জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
পুলিশ জানায়, গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আহাদ ও ছাব্বির মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।