প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আন্তর্জাতিক মুখপাত্র ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের মধ্যে নীতিগতভাবে সমঝোতা হয়েছে। কুইন এলিজাবেথ হাসপাতালের ট্রমা নিউরোসার্জারি বিভাগের একজন কনসালট্যান্ট হাদিকে সিঙ্গাপুর থেকে বার্মিংহামে নেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

 

তবে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে—সরকারি অনুমোদন ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া, চিকিৎসা ও স্থানান্তর ব্যয়ের ব্যবস্থা, নিরাপত্তা ও লজিস্টিক পরিকল্পনা এবং সর্বোপরি বিমানযাত্রার ঝুঁকি মূল্যায়ন।

 

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সরকারও আন্তরিকভাবে বিষয়টি দেখছে, যা হাদির পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্বস্তির। চিকিৎসকদের মতে, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হাদিকে বিমানে স্থানান্তর করা আদৌ নিরাপদ কি না। এজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে ঝুঁকি বিশ্লেষণ করা হচ্ছে এবং কোনো ধরনের তাড়াহুড়ো করা হচ্ছে না।

 

এই সংকটময় সময়ে দেশ-বিদেশের মানুষের দোয়া ও সহমর্মিতাই হাদির জন্য সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা