বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে— সে বিষয়ে প্রতিবেশী দেশের পরামর্শের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বাইরে থেকে নসিয়ত দেওয়ার কোনো সুযোগ নেই এবং অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোর সময় ভারত কোনো আপত্তি বা মন্তব্য করেনি। অথচ এখন নির্বাচন নিয়ে উপদেশ দেওয়া হচ্ছে, যা অযৌক্তিক।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে— জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। গত দেড় দশকে যে ধরনের নির্বাচন হয়েছে, সেসব পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন যখন একটি ভালো নির্বাচনের দিকে অগ্রসর হওয়া হচ্ছে, তখন ভারতের এই ধরনের বক্তব্যকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন। বাংলাদেশের জনগণ জানে কীভাবে তারা নির্বাচন আয়োজন করবে।
তিনি জানান, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এরপর দিল্লি থেকে যে প্রতিক্রিয়া এসেছে, সেখানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরা হয়। একই ধারাবাহিকতায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুদেশের কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ ধরনের তলব-পাল্টা তলব কূটনৈতিক অঙ্গনে নতুন কিছু নয়। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। আদালতে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য বন্ধের দাবি জানানো অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যের সঙ্গে ভারতের অবস্থান এক নয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। তবে প্রকাশ্যভাবে শর্ত আরোপ করে বিবৃতি দেওয়ার বিষয়টি সরকার গ্রহণ করতে পারে না।
তিনি প্রশ্ন তোলেন, গত ১৫ বছরে যখন নির্বাচন নিয়ে এমন সংবেদনশীলতা দেখা যায়নি, তখন হঠাৎ করে এখন কেন এই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।