দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কে নির্বাচনে অংশ নেবেন আর কে নেবেন না— তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা নিয়ে কারও শঙ্কা থাকলে সেটি তার নিজস্ব উপলব্ধি, রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ছয়টি লেগুনা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে এক প্রার্থীর নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন ভোটে অংশ নিচ্ছেন না— সে বিষয়ে সরকারের কিছু বলার সুযোগ নেই। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, যিনি নিরাপত্তাজনিত কারণে সরে দাঁড়িয়েছেন, তিনি নিজেই ভালোভাবে জানেন কী ধরনের পরিস্থিতিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ নিরাপদে চলাফেরা করছেন। এই বাস্তবতায় কেউ যদি নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতি— সামগ্রিক ব্যবস্থার দুর্বলতা নয়।
তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান তিনি।
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা নেই এবং তিনি গণমাধ্যম থেকেই বিষয়টি শুনেছেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেএমইএর উদ্যোগের প্রশংসা করে বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের জন্য যানবাহন প্রদান একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। এতে আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।
তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এমন সময়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা পুলিশের কার্যক্রমকে সহজ করে তোলে।
বিকেএমইএর সভাপতি মো. হাতেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি ও শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।