প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ফিরেই নির্বাচনী মাঠে নামবেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ প্রায় আঠারো বছর প্রবাসজীবন শেষে দেশে ফেরার ক্ষণ গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাব্য খবরে দলজুড়ে বইছে উৎসবের হাওয়া। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।

 

দলীয় সূত্র জানায়, দেশে ফিরেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় পর্যায়ে জনসমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে বিএনপি, যেখানে তিনি সশরীরে অংশ নেবেন বলে জানা গেছে।

 

তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সর্বাত্মক প্রস্তুতিতে ব্যস্ত। তাকে বরণ করে নিতে গঠন করা হচ্ছে একাধিক সমন্বয় ও অভ্যর্থনা কমিটি। এসব কমিটির তত্ত্বাবধানেই কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

 

এর অংশ হিসেবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা কক্ষ সাজানো হচ্ছে। দলীয় এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কক্ষগুলোর সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে, শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে।

 

বিএনপি সূত্র জানায়, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন তারেক রহমান। পাশের বাসা ‘ফিরোজা’-য় বর্তমানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থান করছেন। গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে।

 

সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই নির্বাচনী প্রচারে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে গ্রাম থেকে রাজপথ পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে থাকবেন তিনি।

 

দলীয় সূত্র আরও জানায়, গুলশান কার্যালয়ে তারেক রহমানের কক্ষে আধুনিক প্রযুক্তিসম্পন্ন অফিস ব্যবস্থাপনা, বৈঠক উপযোগী পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি স্থান পাবে।

 

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হচ্ছে, যেখানে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা