প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তার অবস্থান, উন্নয়নে ভূমিকা এবং জনগণের আবেগ ও শ্রদ্ধাকে গুরুত্ব দিয়েই সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা জাতির জন্য উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তার চিকিৎসা ও সুস্থতা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিবারের মতামতকে সম্মান জানিয়ে দেশে ও প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য যুগে যুগে আত্মত্যাগকারী বীর যোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মদান আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং সংকটময় সময়ে সঠিক পথ দেখায়।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান বিজয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তা পরবর্তী সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কারণে অনেকটাই ম্লান হয়ে পড়ে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগ পেয়েছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুশাসিত ও আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়তে যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর তিনটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে— জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। সংশ্লিষ্ট বিচার কার্যক্রম ইতোমধ্যে আইনানুগ প্রক্রিয়ায় অগ্রসর হয়েছে এবং একটি মামলার রায়ও ঘোষণা করা হয়েছে।

ড. ইউনূস বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে।

ভাষণের শেষাংশে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের চিরন্তন প্রেরণা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা