প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কালাম আজাদ ভারত যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরবর্তী যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকার তথ্য নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সিটি ক্যাবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা