বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশানে বাসভবন ও দাপ্তরিক কার্যক্রমের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে তারেক রহমান বসবাস করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বাড়িটির পাশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।
এ ছাড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য পৃথক দপ্তর সাজানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করা হবে।
মঙ্গলবার বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি দেখা যাচ্ছে। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে তাদের নেতার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব।
সরেজমিনে দেখা গেছে, গুলশান এভিনিউয়ের নির্ধারিত বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি ও সিসিটিভি ক্যামেরা। দায়িত্বে থাকা কর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থানকে কেন্দ্র করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন ভাড়া নেওয়া গুলশানের অফিস ভবনে রয়েছে ব্রিফিং রুম, বিভিন্ন বিভাগের দপ্তর এবং গবেষণা সেল। ভবনজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিএনপি নেতারা জানান, এখান থেকেই নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সমন্বয় করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানের দেশে ফেরার জন্য। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন যাত্রা শুরু হবে।