প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে এ ভাষণ সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বিজয় দিবসের সূচনালগ্নে ভোর ৬টা ৫৬ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর সম্মান জানান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ড. মুহাম্মদ ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা