মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোয় ঝলমল করতে থাকে গুরুত্বপূর্ণ সড়ক, ভবন ও স্থাপনা, যা নগরবাসীর মাঝে বাড়তি আনন্দের আবহ তৈরি করেছে।
মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে এই আয়োজন বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রত্যাশা করা হচ্ছে।