চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসার সময় চাকসুর ভিপির প্রতি শাখা ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান কটূক্তি করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপ-উপাচার্য (প্রশাসন), ডিন ও শিক্ষকদের উপস্থিতিতে নোমান ভিপিকে উদ্দেশ্য করে তীব্র কটূক্তি করেন। প্রতিবেদকের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা যায়, প্রশাসনিক ভবনে অবস্থিত ছাত্রদল ও বামপন্থী নেতাকর্মীদের সাথে চাকসুর নেতৃবৃন্দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নোমান বলেন, “ভিপি কে, ওর কাছে আমার জবাবদিহি করতে হবে? ভিপি টিপি চুদি না।”
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নিয়াজ উদ্দিন। তিনি জানান, “আমি এখন মিটিংয়ে আছি। গালির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। আপাতত উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
চাকসুর পরিচালক অধ্যাপক ড. জাহেদুর রহমান বলেন, “ছাত্ররা ছাত্রদের প্রতি কটূক্তি করে, সেটা আমি শুনিনি।”
উল্লেখ্য, দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্যের প্রতিবাদে শাখা ছাত্রদল ও বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে তালা দেয়। এরপর প্রশাসন বিষয়টি সমাধানের জন্য মিটিং করছে।