সারাদেশের সকল অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের তালিকা রয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং দেশের মানুষকে নিরাপদ করুন।”
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ থেকে মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। তিনি সমাবেশে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়ে একজন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। জুলাই বিপ্লব ও পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডে অপরাধীদের গ্রেপ্তার করা যায়নি। এই ব্যর্থতার জবাব সরকারকে দিতে হবে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “ওসমান হাদী হত্যাচেষ্টার কয়েক দিন আগে থেকেই বলেছিলেন, তার জীবন ঝুঁকিতে রয়েছে। কেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? সরকারের এই ব্যর্থতা মেনে নেওয়া যায় না।”
সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শরীফ ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেন। সমাবেশের সময় গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে হামলার প্রতিবাদ এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল চালিয়ে আসা দুই সন্ত্রাসীর মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীর মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।