চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন। ছাত্রদল ও বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের বিপরীতে অবস্থান নেয় ইসলামী ছাত্রশিবির। এতে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন এলাকায় সংগঠনগুলোর নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি শুরু করে। এর আগে দুপুর ১২টার দিকে ছাত্রদল ও বাম সংগঠনের কর্মীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি শান্ত করতে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব ঘটনাস্থলে এসে মধ্যস্থতার চেষ্টা করেন। আলোচনা চলাকালে ছাত্রদল ও বাম সংগঠনের পক্ষ থেকে দেওয়া একটি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় শিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে থাকেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ক্যাম্পাসের সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চবি প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে দেওয়া বক্তব্যের পর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়। ওই বক্তব্যকে ঘিরেই ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।