জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোবাইলে গেম খেলা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া এলাকার জালালের মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, নাথেরপাড়া গ্রামের বাসিন্দা কান্টু মিয়ার ছেলে অন্তর এবং একই গ্রামের ময়নাল মিয়ার ছেলে লাঞ্জু মিয়ার মধ্যে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের সদস্যরা জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— কান্টু মিয়া, তার ছেলে অন্তর, মেয়ে কনিকা, ছোট ভাই ঠান্ডা মিয়া ও ভাতিজা নিরব। অপর পক্ষের আহতরা হলেন ময়নাল মিয়া, তার ছেলে লাঞ্জু মিয়া এবং ছোট ভাই জয়নাল। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিরব, জয়নাল ও লাঞ্জু মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঘটনার বিষয়ে কান্টু মিয়া দাবি করেন, তিনি বিএনপির নেতা সালিমা তালুকদার আরুনীর অনুসারী এবং প্রতিপক্ষ ময়নাল মিয়া বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীমের সমর্থক। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের জন্য দায়ী করছেন। উল্লেখ্য, তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং একই বংশের লোক।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।