প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিইসির বক্তব্যে অসন্তোষ জামায়াত আমির: চাইলেন ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে তার বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ওসমান হাদির ওপর চালানো এই কাপুরুষোচিত হামলায় দেশের সচেতন ও মানবিক মানুষ গভীরভাবে মর্মাহত। এমন এক প্রেক্ষাপটে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তা জাতির বড় একটি অংশকে ব্যথিত করেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে দেওয়া বক্তব্য জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই সিইসিকে তার বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছে। তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে জাতি। কেউ যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে জাতি তার নিজস্ব সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পদত্যাগের দাবি নয়, বরং দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করাই এখন বেশি গুরুত্বপূর্ণ। অন্যথায় অতীতের মতো কঠিন সময় আবার ফিরে আসতে পারে—যা জাতির জন্য কাম্য নয়।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক, ঐক্যবদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে—যে বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে গড়া। আজ যারা তরুণ ও বিপ্লবী চেতনার প্রতিনিধিত্ব করছে, তারাই মূলত বিভিন্ন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

দুষ্কৃতিকারীদের উদ্দেশে তিনি বলেন, ভয় দেখিয়ে জাতিকে দমিয়ে রাখা যাবে না। সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিটি প্রচেষ্টা জাতিকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা