আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে আরবি বিভাগ। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) এই আয়োজন অনুষ্ঠিত হবে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আরবি বিভাগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন জানান, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৭ ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় আরবি বিভাগের কয়েকজন কৃতী প্রাক্তন শিক্ষার্থীকে শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হবে। আয়োজকদের মতে, এতে বর্তমান শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে।
কর্মসূচির দ্বিতীয় দিন ১৮ ডিসেম্বর সকালে নতুন কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি একটি আন্তর্জাতিক ও জাতিসংঘের দাপ্তরিক ভাষা। ধর্মীয়, কূটনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক শ্রমবাজারে এই ভাষার গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বিশ্বের বিভিন্ন দেশসহ আমাদের পার্শ্ববর্তী ভারতেও উচ্চশিক্ষায় আরবি ভাষা গুরুত্বের সঙ্গে পাঠদান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, অধ্যাপক ড. হুমায়ুন কবির, সিনিয়র ইন্সট্রাক্টর (ডেপুটি রেজিস্ট্রার) মোর্শেদুল আলম এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদুল হক।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ আরবি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। পরে ২০১২ সালে ইউনেসকো ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করে।