মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পাওয়ার হতাশায় প্রাণ হারিয়েছেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর বালাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রংপুর শহরের লালবাগ এলাকার একটি ছাত্রাবাসে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নীরব। ফলাফল প্রকাশের পর কোথাও ভর্তির সুযোগ না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। পরে মূল বৈদ্যুতিক লাইনের সঙ্গে শরীর স্পর্শ হলে তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম—দুজনেই শিক্ষক। একমাত্র সন্তানের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের সদস্যরা গভীর শোকে আচ্ছন্ন, কথা বলার মতো অবস্থায় নেই।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা তিনি পাননি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।