প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড অনুমোদন দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং ফয়সালের ঘনিষ্ঠ পরিচিত মারিয়া আক্তার লিমার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

মামলার নথি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে বহনকারী অটোরিক্সাকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে মাথা ও কানের নিচে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হেলমেট পরিহিত দুই হামলাকারীর গতিবিধি শনাক্ত করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা