প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জবিতে আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেছে। শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়েছেন, যার মধ্যে ছিল— ‘এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার’, ‘বৈষম্যের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শফিক বলেন, “আমরা আস-সুন্নাহ প্রকল্পে ফ্রিতে থাকি না, আমাদের কিছু নির্দিষ্ট অর্থ দিতে হয়। আমাদের সিট অনিশ্চিত, এবং বিশেষ বৃত্তি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি।”

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, “আমাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। প্রশাসন আমাদের দাবিগুলো গ্রহণ না করলে অবস্থান চলবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা। বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না রেখে ‘প্রয়োজনভিত্তিক’ রাখা, এবং সিলেকশন মানদণ্ডে ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা। রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্তগুলো পুরোপুরি বাতিল করা।

এর আগে শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি নীতিমালায় অযৌক্তিক শর্ত সংশোধনের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জানিয়েছে, ‘মেধাবী প্রকল্প’-কে নিয়মিত শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত আবাসিক হল হিসেবে বিবেচনা করা উচিত।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা