প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয়: বিজিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

তিনি জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার মধ্যেই বিজিবি সদর দপ্তরের নির্দেশে সম্ভাব্য অবৈধ পারাপারের রুট চিহ্নিত করে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। এ সময় ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অপারেশন সংক্রান্ত বিষয়ে সমন্বয় করা হয় এবং একাধিক স্থানে একযোগে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অবস্থানরত ফিলিপ স্নালকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে হালুয়াঘাট এলাকায় পুলিশের একটি দল আলাদা অপারেশনের প্রস্তুতি নেয়। হালুয়াঘাটে অভিযানের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা সূত্রসহ বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও জানান, নালিতাবাড়ীর বারোমারি এলাকায় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত পুলিশ সদস্য ও হালুয়াঘাট থানার পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হলেও ফিলিপ স্নালকে পাওয়া যায়নি। তবে ওই অভিযানে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারের সঙ্গে জড়িত লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ পর্যন্ত পরিবারের তিন সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। তিনি বলেন, সোমবার সকালে আরও একজন মানব পাচারকারী বেঞ্জামিন চিরামকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা