প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেকনাফে পূবালী ব্যাংকের ৫১৫তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কক্সবাজারের টেকনাফে নতুন শাখা চালু করেছে পূবালী ব্যাংক। এটি ব্যাংকটির সারাদেশে ৫১৫তম শাখা।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম এবং উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. শাহেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং মানুষের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যাংকিং সেবার বিস্তার অত্যন্ত প্রয়োজন। টেকনাফে নতুন শাখা চালুর ফলে স্থানীয় জনগণ আধুনিক ব্যাংকিং সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, এ শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ বিতরণ, প্রবাসী আয়ের লেনদেনসহ বিভিন্ন আর্থিক সেবায় গতি আসবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা