প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিঙ্গাপুরের পথে ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

উন্নত চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টার দিকে তাকে বহনকারী মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিনে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে তার চিকিৎসা বিষয়ে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

প্রেস উইং আরও জানায়, চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারি সূত্র জানায়, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা