ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত বলে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের একটি সেলফি ছবি ও ব্যবহৃত ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হামলার পর সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে অবস্থান করেই ছবিটি তোলা হয়।
পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় সরাসরি জড়িত শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি আরও দাবি করেন, ভারতে পৌঁছানোর পর ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহে সহায়তা করেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ব্যক্তিগত সহকারী।
ওই মোবাইল নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ নিজের তোলা একটি সেলফি একাধিক নম্বরে পাঠান বলে দাবি করা হয়। পাঠানো ছবিগুলোর একটি ইন্টারসেপ্ট করা হয়েছে এবং সেটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এই হত্যাচেষ্টা মামলায় রোববার রাত পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি, সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক এবং এক বান্ধবী।