প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইর এটিবিতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) রেনাটা পিএলসির প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার আনুষ্ঠানিকভাবে লেনদেনের আওতায় এসেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এটিবির লেনদেন তালিকায় যুক্ত হয় শেয়ারটি।

এর মাধ্যমে ডিএসইর এটিবি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইটিতে। যদিও তালিকাভুক্তির পর প্রথম ৩০ মিনিটে রেনাটার প্রেফারেন্স শেয়ারে কোনো লেনদেন সম্পন্ন হয়নি। শেয়ারটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ভিত্তিতে রেনাটা পিএলসি মোট ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে। এই শেয়ার বিক্রি থেকে সংগৃহীত অর্থ ব্যাংকঋণ পরিশোধে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

প্রকাশিত তথ্যে জানা যায়, ইস্যুকৃত প্রেফারেন্স শেয়ারগুলো নন-কিউমুলেটিভ ও নন-পার্টিসিপেটিভ প্রকৃতির। অর্থাৎ কোনো বছর লভ্যাংশ না পেলে তা পরবর্তী বছরে যোগ হবে না এবং কোম্পানির অতিরিক্ত মুনাফায় অংশগ্রহণের সুযোগও নেই। তবে বিনিয়োগকারীরা বার্ষিক ১৫ শতাংশ হারে নির্ধারিত মুনাফা পাবেন।

এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ ছয় বছর। তৃতীয় বছর থেকে ষষ্ঠ বছর পর্যন্ত প্রতি বছর ২৫ শতাংশ করে শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে। রূপান্তর শেষে সব প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারে পরিণত হবে, যার রূপান্তর মূল্য নির্ধারণ করা হয়েছে শেয়ারপ্রতি ৪৭৫ টাকা।

চলতি বছরের জুলাই মাসে বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর গত ২০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয় রেনাটা পিএলসি।

উল্লেখ্য, পুঁজিবাজারের পরিধি সম্প্রসারণ ও তালিকাভুক্ত নয় এমন ভালো কোম্পানিকে ধীরে ধীরে মূল বাজারে আনতেই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু করা হয়। এই বোর্ডে তুলনামূলক সহজ প্রক্রিয়ায় ও কম ব্যয়ে শেয়ার মালিকানা হস্তান্তরের সুযোগ রয়েছে।

তবে বাস্তবতা হলো, চালুর প্রায় দুই বছর পার হলেও দেশের দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে এখন পর্যন্ত এটিবিতে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা মাত্র চারটি। ২০২৩ সালের জানুয়ারিতে ডিএসইতে এটিবি কার্যক্রম শুরু হলেও কাঙ্ক্ষিত সাড়া এখনো মেলেনি। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আইএফআইসি ব্যাংকের দুটি বন্ড এই প্ল্যাটফর্মে রয়েছে।

আরজেএসসি তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা ৩ হাজার ৭৭৭টি হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে মাত্র ৩৬০টি। বাকি বিপুল সংখ্যক কোম্পানির জন্য এটিবি একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুঁজিবাজার বিশেষজ্ঞরা জানান, শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিগুলোই এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। পাশাপাশি প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বন্ড এবং তালিকাভুক্ত নয় এমন মিউচুয়াল ফান্ডের জন্যও এই প্ল্যাটফর্মে লেনদেনের সুযোগ রয়েছে। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর মালিকানা হস্তান্তরের ক্ষেত্রেও এটিবি ব্যবহৃত হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা