ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার পর আততায়ীদের পালানোর কৌশল রীতিমতো রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা বলে জানাচ্ছেন তদন্তসংশ্লিষ্টরা।
তারা জানান, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চিহ্নিত করে প্রযুক্তিগত নজরদারি শুরু করে। তবে কৌশলে সন্দেহভাজনরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস নিজেরা বহন না করে সচল অবস্থায় অন্য স্থানে রেখে বারবার লোকেশন পরিবর্তন করায়। এতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও তারা ততক্ষণে রাজধানী ছাড়তে সক্ষম হয়।
তদন্তে উঠে এসেছে, গুলির ঘটনার পর তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেলে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও আগারগাঁও হয়ে মিরপুরে পৌঁছায়। এরপর বিভিন্ন যানবাহন বদলে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। সেখান থেকে আবার প্রাইভেটকারে করে হালুয়াঘাটে পৌঁছে সীমান্ত এলাকায় যায়।
স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে গভীর রাতে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করে। সর্বশেষ তথ্যে জানা গেছে, তারা সেখানেই অবস্থান করছিল।
এদিকে হামলার ঘটনায় সন্দেহভাজনদের ধরিয়ে দিতে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা, পাসপোর্ট ব্লক এবং সীমান্তে সতর্কতা জারির মধ্যেই তাদের দেশত্যাগের তথ্য সামনে আসে। যদিও তদন্তসংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
অন্যদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদী সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চিকিৎসক দল ও পরিবারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রেস উইং।