প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনকে ঘিরে মুখোমুখি দুই শক্তি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে দুই ধরনের শক্তি স্পষ্টভাবে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, একটি শক্তি গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী, অন্যটি পশ্চাৎপদ ও বিভ্রান্তিকর শক্তি।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দল।

মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তি উদার গণতন্ত্রে বিশ্বাসী এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। এই শক্তির মূল দর্শন হলো— ভিন্নমত থাকা সত্ত্বেও অপরের কথা বলার অধিকার রক্ষা করা। এটিই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি।

তিনি বলেন, বিপরীতে আরেকটি গোষ্ঠী রয়েছে যারা ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। অতীতের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ১৯৪৭ সালে আত্মনিয়ন্ত্রণের আন্দোলনের সময় এবং ১৯৭১ সালে স্বাধীনতার প্রশ্নেও এই পশ্চাৎপদ শক্তি বিরোধিতার অবস্থানে ছিল। আজ তারা রূপ বদলে নতুন বাংলাদেশ গড়ার কথা বললেও তাদের অতীত ভূমিকা ভুলে যাওয়ার সুযোগ নেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, যারা সত্য ও ন্যায়ের পথে থেকে সংগ্রাম করে, তারাই শেষ পর্যন্ত সাফল্যের দেখা পায়। বাংলাদেশের জনগণ বারবার অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই করেছে এবং সেই ধারাবাহিকতায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতির ভবিষ্যৎ ধ্বংসের গভীর ষড়যন্ত্র।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা— এসবের ভিত্তিতেই জনগণ নতুন বাংলাদেশের পক্ষে রায় দেবে।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি ২৫ তারিখে তারেক রহমানকে স্মরণকালের বৃহত্তম সংবর্ধনা দেওয়ার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা