প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর বাঘা উপজেলায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ইনছার আলীর ছেলে হুর্মত আলি (৫৩), গড়গড়ি ইউনিয়নের আরাজি চাঁদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫) এবং আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া এলাকার পিয়ারুল ইসলামের ছেলে ঈশান মোল্লা (১৯)।

থানা সূত্রে জানা গেছে, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার ও রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। ১৩ ডিসেম্বর রাতে পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ হুর্মত আলিকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে সাইবার সুরক্ষা আইনের ১৭(১) ধারাসহ মাদক মামলায় এজাহারভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মাহফুজুর রহমান ওরফে সজিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের একাধিক গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ১৪ ডিসেম্বর ভোররাতে আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া এলাকায় আরেকটি অভিযানে ঈশান মোল্লাকে তার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি মাদকসহ যেকোনো অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা