প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে জেলা বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি সরকারি আশেক মাহমুদ কলেজ মোড় থেকে শুরু হয়। পরে শোভাযাত্রাটি জামালপুর ফৌতি কবরস্থানের স্মৃতিস্তম্ভ ও মহাশ্মশানে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর ইসলাম খান সজিবের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ ছিল অত্যন্ত কঠিন। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বেই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানোর পর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। ১৪ ডিসেম্বর সেই কালো অধ্যায়ের স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ভোটাধিকার হরণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজ একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পথে অগ্রসর হচ্ছে দেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা