ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সহিংসতা উসকে দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব বিষয়ে ভারতের সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগও জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করছেন। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মনে করছে সরকার।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আদালতের দেওয়া রায়ের মুখোমুখি করতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে আশ্রয় নিতে না পারে—এ বিষয়ে ভারতের সহযোগিতাও কামনা করা হয়।
এদিকে, বাংলাদেশ সরকারের এসব অভিযোগ নাকচ করে রোববার পৃথক এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪ ডিসেম্বর যে প্রেস নোট প্রকাশ করেছে, তাতে উত্থাপিত অভিযোগগুলো ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের অবস্থান এবং এই বিষয়টি তারা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছে। একই সঙ্গে তারা দাবি করে, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ কখনোই দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করে ভারত।