ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের শুরুতেই সিইসি এ ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিনই এমন একটি সহিংস ঘটনা ঘটায় তিনি মানসিকভাবে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার ভাষায়, বিষয়টি এমন মনে হয়েছে যেন হঠাৎ করেই তার মাথার ওপর বাজ পড়েছে। তিনি একে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
রোববার বিকেল ৪টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আলোচনা হয়।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে।