২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন যাচাই, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত এবং পুনঃনিরীক্ষণ—সবকিছুই সম্পন্ন হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। পরীক্ষার্থীদের উত্তরপত্র ওএমআর/আইসিআর মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির ক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত—উভয় ধরনের আসনে জাতীয় মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুসারে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনেও সংশ্লিষ্ট শ্রেণির দাবিদারদের মধ্য থেকে মেধাভিত্তিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়। প্রার্থীর মেধাস্থান ও কলেজ পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয় ব্যবস্থায় চূড়ান্ত কলেজ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
ফলাফল জানতে শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবং নির্দিষ্ট রেজাল্ট পোর্টালে গিয়ে ‘MBBS Result 2025–2026’ অপশনে রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।