প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন: চাঞ্চল্যকর তথ্য দিলেন সায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে—তারা ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়।

 

পোস্টে আরও দাবি করা হয়, ভারতে তাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই তারা সেখানে অবস্থান করছেন বলে লেখেন সাংবাদিক সায়ের।

হাদির ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়ের বলেন, এই হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং ভবিষ্যতে একই ধরনের আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার দাবি অনুযায়ী, মূল শ্যুটার ফয়সাল নিজ ঘনিষ্ঠদের কাছে বলেছেন—অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি একটি গুলির বেশি ছুড়তে পারেননি, যদিও তার পরিকল্পনা ছিল একাধিক গুলি করার।

 

পোস্টে আরও উল্লেখ করা হয়, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার হিসেবে চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদের নাম উঠে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুরে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

 

জুলকারনাইন সায়ের তার পোস্টে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন, তাদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড দ্রুত যাচাই করা জরুরি।

 

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা