প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমের আইটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

 

রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের একাধিক ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আর্থিক লেনদেনের তথ্য যাচাই ও তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য।

 

তথ্য অনুযায়ী, ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করে আসছে। এছাড়া ফয়সাল করিমের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান ‘ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড’ ২০১৬ সালে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ‘ব্যাটল অব ৭১’ নামের একটি কম্পিউটার গেম তৈরি করেছিল।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল আর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

 

এদিকে ওসমান হাদীর সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাদের একসঙ্গে গণসংযোগ ও ইনকিলাব কালচারাল সেন্টারে উপস্থিত থাকতে দেখা যায়। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হামলার আগে দীর্ঘদিন ধরে হাদীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল।

 

উল্লেখ্য, এর আগেও অস্ত্র ও ডাকাতির মামলায় ফয়সাল করিম গ্রেপ্তার ও পরে জামিনে মুক্ত হন। জামিনে থাকার সময়ই ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তার নাম সামনে আসে। বর্তমানে ওসমান হাদী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছে সরকার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা