প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির গুলির মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা যখন মানুষের মধ্যে জোরালো হচ্ছে, ঠিক সেই সময়েই দেশের শত্রুপক্ষ আবার সহিংসতার পথে নামছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক হত্যাচেষ্টার মতো আরও ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, কয়েক দিন আগেই একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে এবং বর্তমান পরিস্থিতিতে এমন সহিংসতা আরও বাড়তে পারে বলে বিএনপি উদ্বিগ্ন। তার ভাষায়, ‘আমরা আশঙ্কা করছি, সামনে আরও এমন ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার শপথ নিয়েছেন তারা।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করে—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মাধ্যমে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। শহীদ বুদ্ধিজীবী দিবসে বারবার তাদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা