ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। তিনি জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-২ অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারের পর হান্নানের কাছ থেকে কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া গেছে। হামলার ঘটনায় তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।