প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন সাবেক এমপি আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত এবং কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। তবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন। সকাল ৯টার দিকে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন। বিষয়টি জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে জানানো হয়।

পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর (অব.) আখতারুজ্জামান দলের আদর্শ, নীতি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধে বিশ্বাস রেখে দেশের কল্যাণে বাকি জীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা, আনুগত্য ও নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার করেন। এ সময় জামায়াতের আমির তাকে আন্তরিকভাবে বরণ করে নেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা। বিএনপির মনোনয়নে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-২ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

জামায়াতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হলেও কোনো পদ-পদবি চান না এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাও তার নেই। তিনি বলেন, নিজের রাজনৈতিক পরিচয় ও অবস্থান স্পষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও দাবি করেন, জামায়াতকে ‘স্বাধীনতাবিরোধী’ হিসেবে উপস্থাপন করার অভিযোগকে তিনি মিথ্যা মনে করেন এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই ধারণার প্রতিবাদ জানাতেই জামায়াতে যুক্ত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা