প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিগগিরই চালু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে দ্রুত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে লুটপাট প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। এসব কার্যক্রম ত্বরান্বিত করতে এবং সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করার লক্ষ্যেই কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদারকির জন্য একটি আলাদা কমিটিও গঠন করা হয়েছে, যা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে তার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এতদিন যেসব সীমাবদ্ধতা ছিল, তা শিথিল করা হচ্ছে। এখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও নিরাপত্তার প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা