ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ ঘটনায় দায়ীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। তার ভাষায়, ‘যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের ধরিয়ে দিতে পারলে সরকারিভাবে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা সবাই তার জন্য দোয়া করি, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং জনগণের সহযোগিতা পেলে খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের গতি আরও বাড়ানো হবে। তিনি বলেন, আগে কেবল সরকারি কর্মচারীদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হতো, তবে এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নিরাপত্তার প্রয়োজনে লাইসেন্স চাইলে তা বিবেচনা করা হবে। এছাড়া বৈধভাবে জমা থাকা অস্ত্র থাকলে সেগুলো সংশ্লিষ্টদের ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।