ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, এর আগের দিন শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাদির ওপর হামলার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।