প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে। তাঁর ভাষায়, নির্বাচন হলে একটি বিশেষ রাজনৈতিক শক্তির অস্তিত্ব সংকটে পড়বে—এই আশঙ্কা থেকেই হামলার ঘটনা ঘটেছে।

ফাহিম ফারুকী আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি স্পষ্ট। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার দায় তিনি এড়াতে পারেন না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। আগামী ছয় ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

হাদির শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। রক্ত দেওয়া হচ্ছে এবং পরিবার তাঁর পাশে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়েও পরিবার আলোচনা করছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং অবস্থা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা