গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদীর কোনো ক্ষতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে ওসমান হাদীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সংগঠনের কাছে ফুটেজ চাইছে। তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা কি ইনকিলাব মঞ্চের দায়িত্ব?
সংগঠনটির দাবি, আগামী শনিবার সকাল ১০টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সরকারের বক্তব্যের আর কোনো মূল্য থাকবে না। আবদুল্লাহ আল জাবের হামলাটিকে রাষ্ট্রীয় ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, যারা একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?
তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে পা না দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচিতে অংশ নিতে হবে।